রবিবার সন্ধ্যায় খড়গপুরে বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো করে প্রচার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
দি নিউজ লায়ন; রবিবার সন্ধ্যায় খড়গপুর শহরে রোড শো করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খড়গপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন অভিনেতা হিরণ। এদিন বিকেল ৫ টা নাগাদ রোড শো শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬ টার কিছু পর। খড়গপুর এরধোবিঘাট এলাকা থেকে রোড শো শুরু হয়। অমিত শাহ র সঙ্গে প্রার্থী ছাড়াও ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ , কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় , বিজেপি নেতা তুষার মুখার্জি।
বিজেপির কর্মী সমর্থকদের পাশাপাশি বেশি সংখ্যায় ছিল বিভিন্ন বাদ্যযন্ত্র , রণ পা , সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পী ও কলা কুশলীরা । ২০১৬ সালে দিলীপ ঘোষ এই কেন্দ্র থেকে জয়ী হলেও তিনি সাংসদ হওয়ার পর ২০১৯ সালের উপ নির্বাচনে এই আসনে হেরে যায় বিজেপি প্রার্থী। জয়ী হন তৃণমূলের প্রদীপ সরকার। এবারে তিনিই আবার তৃণমূলের প্রার্থী।
খড়্গপুরের বিজেপি কর্মী সমর্থকরা চেয়েছিলেন দিলীপ ঘোষ বা বিজেপির জেলার কোনো নেতা প্রার্থী হবেন। তা না হতে এক প্রকার হতাশ কর্মী সমর্থকরা। তাই এদিনের রোড শো তে কর্মী সমর্থকদের সেভাবে উচ্ছাস দেখা যায়নি।
এদিন রাত আটটা নাগাদ রোড শো শেষ হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী খড়্গপুরের অদূরে থাকা একটি হোটেলে চলে যান। সেখানেই রাত কাটাবেন। সোমবার এখান থেকেই যাবেন ঝড়গ্রামের সার্কাস ময়দানের সভায়।

Post a Comment